র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেশীয় পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিং এলাকা থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়, শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুনিয়াউট রেলক্রসিংয়ের আশপাশে অস্ত্র পাওয়া যেতে পারে। পরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। একপর্যায়ে একটি পুকুরপাড় সংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৫ কেজির বেশি বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৪৯টি এয়ারগানসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



