ব্র্যাকের উদ্যোগে নবীগঞ্জে ১৫ স্বপ্নসারথির মাঝে আয়বৃদ্ধিমূলক সহায়তা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ণ
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৫ জন স্বপ্নসারথির মাঝে আয়বৃদ্ধিমূলক কার্যক্রম (আইজিএ) সহায়তার অংশ হিসেবে প্রত্যেককে ২০টি করে হাঁস এবং নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
রবিবার (৭ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় আয়ের উৎস। প্রদত্ত হাঁস ও নগদ সহায়তার মাধ্যমে স্বপ্নসারথিরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। একই সঙ্গে পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস পালনকে একটি টেকসই আয়বর্ধক কর্মকাণ্ডে পরিণত করা সম্ভব। এই সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সেলপের জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, প্রগতির এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, দাবি ব্যবস্থাপক তানিয়া সুলতানা, শাখা হিসাব কর্মকর্তা ছয়ন রায় এবং সেলপ অফিসার রীমা আক্তার চৌধুরী।
বক্তারা আশা প্রকাশ করেন, স্বপ্নসারথিরা প্রদত্ত সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখবে। তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




