বাড়িতে বন্য মায়া হরিণ আটকে রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা, উদ্ধারের পর প্রাণীটির মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি বাড়িতে বন্যপ্রাণী মায়া হরিণ আটকে রাখার দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। উদ্ধার করার পর হরিণটি মারা যায়।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার রামপুর গ্রামে মো. হিফজুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অভিযানের সময় বাড়ি থেকে একটি বন্য মায়া হরিণ উদ্ধার করা হয়। তখন প্রাণীটি গুরুতর অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার দায়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মো. হিফজুর রহমানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারের পর হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরবর্তীতে প্রাণীটি মারা যায়। মৃত হরিণটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “হরিণটির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



