নবীগঞ্জের অপহরণ মামলার পলাতক আসামী ছাত্রলীগের ক্যাডার জুমান মিয়াকে দেখলেই পুলিশে ধরিয়ে দিন !
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি অপহরণ মামলার আসামী ও ছাত্রলীগ নেতা জুমান মিয়া দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মামলার বাদী পক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতা জুমান মিয়া করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বাসিন্দা। তার পিতা ফয়জুল হক এবং ভাই রুমন মিয়া।
বাদী পক্ষের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব কাজে লাগিয়ে জুমান মিয়া এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অপহরণসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে তারা উল্লেখ করেন। এছাড়া বিগত সময়ে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জুমান মিয়া সাধারণ শিক্ষার্থীদের উপর নানা ধরনের নির্যাতন করেছেন। এমনকী আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে না গেলে সাধারণ শিক্ষার্থী রাস্তাঘাটে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হলেও তিনি এখনো গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী ও স্থানীয় ভুক্তভোগীরা জানান, জুমান মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। তারা আরও বলেন, কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ থানায় জানিয়ে তাকে গ্রেফতারে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোনায়েম মিয়া জানান- আসামীকে ধরতে ইতিমধ্যে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। তথ্য প্রযুক্তির সহায়তা দ্রুত তার অবস্থান সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।




