হবিগঞ্জের মো. রহিম উদ্দিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত

মোহাম্মদ সুমন আলী খাঁন
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ (৪ঠা জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. রহিম উদ্দিন।
মো. রহিম উদ্দিন হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের মর্যাদাসম্পন্ন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুইবার যুক্তরাজ্য যুবদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রহিম উদ্দিন। একই সঙ্গে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
দীর্ঘ ১৭ বছর পর মো. রহিম উদ্দিন গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবে তাঁকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মো. রহিম উদ্দিনকে সহ-সভাপতি মনোনীত করায় হবিগঞ্জ জুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁরা এ নিয়োগকে জেলার জন্য গর্ব ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করে নবনির্বাচিত সহ-সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



