সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
শুক্রবার স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা আজ রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে।
শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের পথে রওনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম শনিবার গভীর রাতে জানিয়েছে, দেশটির আলোচক দল সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছে গেছে।
অন্যদিকে ওয়াশিংটনে জেডি ভ্যান্সের প্রেস সচিব জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টও শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভ্যান্স জানিয়েছেন তিনি সেখানে মাত্র একদিন বা দুইদিন থাকতে পারবেন।
তবে তিনি লেবানন যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতির আশা প্রকাশ করেছেন।
রোববারের এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যেখানে লেবাননসহ ‘সব ফ্রন্টে সামরিক অভিযান’ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে এবং উভয়পক্ষের সম্মতিতে এই সময় বাড়ানো যেতে পারে।
তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনার টেবিলে আসাটাই কঠিন প্রমাণিত হয়েছে। শুক্রবারের নির্ধারিত আলোচনাটি ইরান তাদের প্রতিনিধি দল না পাঠানোর কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, কারণ তখন লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত ছিল।
শুক্রবার ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননে তাদের হামলা শনিবার পর্যন্ত চলেছে। লেবাননের সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু শুক্রবারই ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছে।
এদিকে পাকিস্তানের সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং কাতারি মধ্যস্থতাকারীরা রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দেবেন।
আল-জাজিরা জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মিশরে আলোচনা চালিয়ে যাচ্ছেন ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী কাজ না করা পর্যন্ত অগ্রগতির সম্ভাবনা কম।
ইরানের আইআরআইবিতে সম্প্রচারিত মন্তব্যে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অতীতের ‘প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা’ বিবেচনা করে ইরানকে অবশ্যই ‘দায়িত্ব পালনের দাবিতে খুব দৃঢ় ও কঠোর হতে হবে’।
সূত্র: আল জাজিরা



