মাধবপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের হাত, গলা, বুক, পেট ও পায়ে কালশিটে দাগ রয়েছে। তবে মরদেহের আশপাশের মাটিতে ধস্তাধস্তির কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন ব্যক্তির পায়ের ছাপ দেখা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি বর্তমান স্থানে এনে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তাধীন রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



