নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে গৃহবধূর উপর হামলা, গুরুতর আহত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামে পুরনো জমি-জমা বিরোধের জেরে মাহমুদা বেগম (৫৫) নামে এক গৃহবধূর উপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন দুপুরে তিনি বাড়িতে একা থাকাকালে প্রতিবেশী ইয়াওর মিয়া (৬৫) ও তার তিন ছেলে শাহজাহান মিয়া (৪০), শাহিন মিয়া (৩৭) এবং রুহিন মিয়া (৩৫) হঠাৎ তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় ধারালো অস্ত্রের কোপে মাহমুদা বেগমের পায়ের একটি রগ কেটে যায়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট প্রেরণ করা হয়।
এলাকাবাসীর দাবি, ইয়াওর মিয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপটে এলাকায় নানা অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আরও হিংস্র হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। ইয়াওরের ছেলে শাহিন মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষদের উপর দমন-পীড়ন চালিয়ে আসছে।
উল্লেখ্য, জমি-জমা সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই পরিবার হামলার শিকার হয়েছে। কয়েক বছর আগে মাহমুদা বেগমের ছেলে জুমান মিয়া (২৫) এক হামলায় মাথায় গুরুতর আঘাত পান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরপরই আহতের স্বজনরা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




